বরাক তরঙ্গ, ৪ জুন : অকালে না-ফেরার দেশে পাড়ি দিলেন শিলচরের লড়াকু ফুটবলার থানজিক রংমাই। বুধবার বিকেলে শিলচরের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৮ বছর।
জানা গেছে, কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। রেখে গেছেন মা ও দাদা জেলার তারকা ফুটবলার জেঙ্গা রংমাইকে। অ্যাটাকিং হাফ হিসেবে বিপক্ষের রক্ষণ চুরমার করে দিতে পারতেন। শিলচর ফুটবল অ্যাকাডেমিতে ফুটবলে হাতেখড়ি হয় তাঁর। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দাপিয়ে খেলেছেন শিলচর মাঠে। জেলা এবং রাজ্য দলের প্রতিনিধিত্ব করেছেন থানজিক। ঘরোয়া প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে খেলেছেন শিলচর ক্লাব, স্পোর্টিং, ইন্ডিয়া পিএইচইআরসি, অরুণাচল এসএস, টাউন ক্লাবের হয়ে। স্থানীয় লিগে শেষবার খেলেছেন অভিনব ক্লাবের হয়ে।
তাঁর মৃত্যু সংবাদ শহরে ছড়িয়ে পড়তেই ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে আসে। গভীর শোক প্রকাশ করেছেন শিলচর ফুটবল অ্যাকাডেমির কর্মকর্তা ও বরাক ভ্যালি প্রাক্তন ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।



