নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, দুই যুবক আটক

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩ জুন : সোনাই থানার অন্তর্গত এলাকায় এক নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি মঙ্গলবার সংঘটিত হয়েছে বলে অভিযোগ।

পরিবার সূত্রে জানা গেছে, দশম শ্রেণির ওই ছাত্রী নতুন বাজার এলাকার ভাড়া বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সোনাই থানার মেনিপুর দ্বিতীয় খণ্ড এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন শেখ নামে এক যুবক তাকে জোরপূর্বক নিয়ে গেছে। ঘটনার পর ছাত্রীর মা সোনাই থানায় একটি এফআইআর দায়ের করেন।

অভিযোগ দায়েরের পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নিজাম উদ্দিন শেখ এবং তার সহযোগী হিসেবে অভিযুক্ত জয়নুল আহমদ শেখকে আটক করা হয়েছে। একই সঙ্গে নাবালিকাকে উদ্ধার করতেও সক্ষম হয় পুলিশ। জানা যায়, অভিযুক্তরা একটি মোটরসাইকেলে করে ছাত্রীকে নিয়ে গিয়েছিল।

সোনাই থানার পুলিশ অভিযান চালিয়ে দুলালগ্রাম সংলগ্ন শুকতলা এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করে। ঘটনার পর বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের ভূমিকাকে প্রশংসা করেছেন।

এদিকে, এক হিন্দুত্ববাদী সংগঠনের নেতা অমলেন্দু দাশ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি অভিযুক্তদের অতীত কর্মকাণ্ড সম্পর্কেও কয়েকটি গুরুতর অভিযোগ উত্থাপন করেন এবং বিষয়গুলির নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তবে এসব অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় সোনাই থানার মামলা নং ৪৮/২৬ রুজু করা হয়েছে। মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৮৭ ও ৬১(২) ধারায় নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *