দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ জুন : শিলচরের সেন্ট্রাল রোডস্থ লোকনাথ বাড়িতে বুধবার সারাদিনব্যাপী ধর্মীয় আচার-আচারন, ভজন-কীর্তন ও পূজার্চনার মাধ্যমে ত্রিকালজ্ঞ লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান তিথি সাড়ম্বরে পালিত হয়। ভোরবেলা থেকেই কীর্তন-ভজন ও ধর্মীয় গীতিতে ঘরটি ধর্মীয় উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।লোকনাথ বাড়ির প্রধান পুরোহিত পবিত্র পাল জানান, এ বছর লোকনাথ বাবার বিগ্রহের পাশাপাশি গুরু ভগবান গাঙ্গুলি ও বেনীমাধব ব্রহ্মচারীদেরও সমানভাবে পূজার্চনা ও স্মরণ হয়। তিনি বলেন, পূজার আয়োজন স্থানীয় নিয়ম ও অনুষ্ঠানানুযায়ী সম্পন্ন করা হয়েছে এবং ভক্তদের মধ্যে ধর্মীয় ভক্তিভাব ও শিষ্টাচার বজায় ছিল।স্থানীয় বাসিন্দা ও অসংখ্য ভক্ত ভোর থেকেই লোকনাথ বন্দনা, কীর্তন ও ধর্মীয় সংগীত পরিবেশন করে পূজাকে জীবন্ত করেন।
পবিত্র পাল আরও জানান, ১৯ জ্যৈষ্ঠে সারাদিন যে কোনো সময়েই লোকনাথ বাবার পূজা করা যেতে পারে, তবু সাধারণভাবে দিনের আলো থাকাকালীন সময়ে বিশেষভাবে পূজা-অর্চনা করা হয়। এদিন দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।অনুষ্ঠানে অংশ নেওয়া ভক্তরা জানান, প্রতি বছর এখানে সমবেত হওয়া তাদের জন্য আধ্যাত্মিক শান্তি ও মিলনের এক বিশেষ সুযোগ।



