সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় লোয়াইরপোয়া ব্লকে উচ্চপর্যায়ের বৈঠক কৃষ্ণন্দুর

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২ জুন : সরকারি উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখতে লোয়াইরপোয়া উন্নয়ন ব্লক কার্যালয়ে ব্লক স্তরের ভিজিল্যান্স ও মনিটরিং কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সূত্রের খবর, বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্প ও কর্মসূচির বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পগুলির বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়েও বিস্তৃত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অনিলকুমার ত্রিপাঠী, লোয়াইরপোয়া উন্নয়ন ব্লকের বিডিও যুগান্তর কৌয়ার, জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, লোয়াইরপোয়া আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি সাজল কুর্মি-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, ওয়ার্ড সদস্য এবং বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তারা।

বিধায়ক কৃষ্ণেন্দু পাল তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কার্যকর বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের কল্যাণে গৃহীত প্রকল্পগুলির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। ফলপ্রসূ আলোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে। সংশ্লিষ্ট মহলের মতে, সরকারি প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন ও তদারকির ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *