বরাক তরঙ্গ, ১ জুন : আসু নেতা মাধুর্য্য বর্মন হত্যাকাণ্ডের অভিযুক্ত রোজ আহমদের পরিবারকে সামাজিকভাবে একঘরে করার সিদ্ধান্ত নিয়েছেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি রোজ আহমদের জানাজায় অংশগ্রহণ না করা এবং তাকে সরকারি বা জনসাধারণের কবরস্থানে দাফন করতে না দেওয়ারও সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গত ৩১ মে গঙ্গাপুরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে আশরাফুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কুমারীকাটা, দেহর কালাকুছি, পশ্চিম খাটার কালাকুছি, মাকালডবা এবং চেরাবাড়ি এলাকার বিভিন্ন সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা মাধুর্য্য বর্মন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অভিযুক্ত রোজ আহমদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। সভায় সিদ্ধান্ত হয় যে, রোজ আহমেদের জানাজা ও দাফন জনসাধারণের কবরস্থানে সম্পন্ন করতে দেওয়া হবে না।
এছাড়াও, সভায় উপস্থিত সকলেই মাধুর্য্য বর্মনের অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তাঁর শোকসন্তপ্ত বাবা-মা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের এই কঠিন সময়ে মানসিক শক্তি ও ধৈর্য লাভের জন্য প্রার্থনা করা হয়।



