বরাক তরঙ্গ, ১ জুন : গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ভর্তি ফি প্রত্যাহার, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পর্যাপ্ত সরকারি অনুদান বরাদ্দ, প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার দাবিতে রবিবার গুয়াহাটির উলুবাড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করে এআইডিএসও-এর আসাম রাজ্য কাউন্সিল।
সংগঠনের উদ্যোগে বিকেল ৩টায় আয়োজিত এই ছাত্র বিক্ষোভের নেতৃত্ব দেন এআইডিএসও-এর আসাম রাজ্য কাউন্সিলের সহ-সভাপতি পল্লব পেগু। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক হেমন্ত পেগু অভিযোগ করেন, পর্যাপ্ত সরকারি অনুদানের অভাবকে অজুহাত হিসেবে দেখিয়ে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, তা সম্পূর্ণ ছাত্রবিরোধী, অযৌক্তিক এবং অনৈতিক।
তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বহু শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানান তিনি।
বক্তব্যে হেমন্ত পেগু আরও বলেন, শিক্ষার্থীদের মতামত ও বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। যদিও ছাত্র আন্দোলনের চাপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ভর্তির ঘোষণা করেছে, তবুও ফি বৃদ্ধির মূল সিদ্ধান্ত এখনও প্রত্যাহার করা হয়নি।
বিক্ষোভে জাতীয় শিক্ষানীতি (এনইপি)-২০২০-এরও সমালোচনা করা হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, এই নীতির প্রবর্তনের পর থেকেই সরকারি শিক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ আরও ত্বরান্বিত হয়েছে। সরকারি অনুদানের ঘাটতি, স্থায়ী শিক্ষক নিয়োগে অনীহা এবং ‘স্ব-অর্থায়িত কোর্স’-এর ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ শিক্ষাক্ষেত্রকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করা হয়।
এছাড়া, প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকাঠামো গড়ে না তুলেই স্নাতক স্তরে চার-বছর মেয়াদি পাঠ্যক্রম চালু করার সিদ্ধান্তেরও বিরোধিতা করে সংগঠন। এআইডিএসও দাবি জানায়, প্রতিটি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী যাতে প্রতি সেমিস্টারে ভর্তি হওয়ার সুযোগ পায়, তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকে নিতে হবে। নবগঠিত রাজ্য সরকারের কাছে সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে বর্ধিত ভর্তি ফি প্রত্যাহার, স্থায়ী শিক্ষক নিয়োগ, সরকারি অনুদান বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রের মৌলিক সমস্যাগুলির সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বিক্ষোভ কর্মসূচিতে এআইডিএসও-এর আসাম রাজ্য কাউন্সিলের সভাপতি হিল্লোল ভট্টাচার্যও উপস্থিত ছিলেন।



