বরাক তরঙ্গ, ১ জুন : একদিকে বেহাল রাস্তা, অন্যদিকে জলের পাইপ ফেটে আরও বিপজ্জনক করে তুলেছে শিলচরের মেহেরপুরের পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত সড়কের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অন্যতম গুরুত্বপূর্ণ এই যোগাযোগপথের প্রায় ১০০ মিটার অংশ ভয়াবহ অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দা আমির গোয়ালা জানান, জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) বিভাগের জল সরবরাহের পাইপ ফেটে দীর্ঘদিন ধরে রাস্তায় জল বেরিয়ে আসছে। এর ফলে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্তে জল জমে থাকায় পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। মাঝে মধ্যে মেরামতের উদ্যোগ নেওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। আরও অভিযোগ, বৃষ্টির সময় রাস্তাটি বিপজ্জনক হয়ে ওঠে। জলমগ্ন গর্তের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।

সোমবার আমির গোয়ালা নিজ উদ্যোগে জমে থাকা জল সরিয়ে পথচারীদের চলাচলে সহায়তা করছেন। তবে এটি সাময়িক সমাধান বলেই মনে করছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাতায়াতের প্রধান সড়ক হওয়ায় দ্রুত ক্ষতিগ্রস্ত পাইপ পরিবর্তন এবং পুরো রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং দুর্ঘটনার ঝুঁকিও থেকে যাবে। জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।



