বরাক তরঙ্গ, ১ জুন : রাজ্যে ফের এক নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ১২ বছরের এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ঘটনাটি কাউকে জানালে অভিযুক্তরা তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল বলে অভিযোগ।
এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সত্রনগরী মাজুলিতে। জেলার গড়মুর থানার অধীনস্থ একটি এলাকায় এই ঘটনাটি প্রকাশ্যে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় গড়মুর থানায় ১৯/২০২৬ নম্বর মামলা (Garmur PS Case No. 19/2026) রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পকসো (POCSO) আইনের অধীনে একাধিক গুরুতর ধারা প্রয়োগ করা হয়েছে।
জানা গেছে, অভিযুক্তদের মধ্যে দু’জন নাবালক। ঘটনায় জড়িত এবং বর্তমানে শনাক্ত হওয়া অভিযুক্তরা হল খগেন দলে, ধর্মকান্ত পেগু, যোগেন দলে এবং নাথুরাম দলে। তবে বাকি দুই অভিযুক্ত নাবালক হওয়ায় আইনগত কারণে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।



