ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ মে : শিলচর জেলা ক্রীড়া সংস্থার ঈশিতারঞ্জন চক্রবর্তী স্মৃতি বি ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়নের খেতাব জিতলো শিলচর ভেটারেন ফুটবল ক্লাব। এই জয়ের ফলে তারা আগামী মরশুমে এ ডিভিশনে খেলার ছাড়পত্র আদায় করে নিল। রবিবার সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে তারা টাইব্রেকারে ৩-২ গোলে হারায় সন অব ইন্ডিয়াকে। নির্ধারিত সময়ে উভয় দল কোনও গোল করতে পারেনি। টাইব্রেকারে ভেটারেনের হয়ে গোল করতে সক্ষম হন সুধাংশু তেলি, অর্জুন চাষা ও গাইদামাই রংমাই। অন্যদিকে, আকাশ মির্ধা ও বিশাল বাস্করের শট রুখে দেন সন অব ইন্ডিয়ার গোলরক্ষক বিষ্ণু কুর্মি। আবার সন অব ইন্ডিয়ার হয়ে প্রথম দু’টি শটে তিনকাটি ভেদ করেন আরিয়ান কুর্মি ও শিবম কর্মকার। তবে ডেনিশ দাসের শট আটকে দেন ভেটারেন ক্লাবের গোলরক্ষক সুশান্ত বর্মন।
এদিকে, আদিত্য বারুইর শট তিনকাটির উপর দিয়ে মারেন এবং শিবা দুষাদ পোস্টের বাইরে মেরে বসেন। প্রতিযোগিতার শেষে পুরস্কার তুলে দেন স্পন্সরার তথা প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আয়োজক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত সহ বিশিষ্ট অতিথি প্রাক্তন খেলোয়াড় বিজয় দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম।

এদিন খেলা শুরু হওয়ার আগে এক সময়ের গ্রিন হর্নেট ক্লাবের নিয়মিত ফুটবলার সিন্ধু কর্মকারের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। তিনি গত ২৭ মে শিলচরের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এই বছরই তিনি জাতীয় মাস্টার্স গেমসে খেলতে অসমের হয়ে পুনেতে গিয়েছিলেন। অসমের সেই দলটি পাঠিয়েছিল বদরপুর মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশনের।



