দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ মে : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে রবিবার শিলচরে জেলাভিত্তিক রবীন্দ্র সঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত এবং উপজেলার বহু প্রতিযোগী অংশগ্রহণ করে রবীন্দ্রনাথের সৃষ্টিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন। দিনভর অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর ও সাংস্কৃতিক আবহে মুখর।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর নাথ এবং বিধায়ক রাজদীপ গোয়ালা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাস দাস, অভ্রজিৎ চক্রবর্তী (ঝলক), জেলার সাংস্কৃতিক আধিকারিক স্নেয়াংশু শেখর রায়, পুলক দাস, অরিন্দম ভট্টাচার্য, সমাজকর্মী স্বর্ণালি চৌধুরী এবং শিলচর উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষা বনিয়া দাসসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মান জানানো হয়। স্বাগত ভাষণে জেলা সংযোজক ভাস্কর দাস জানান, পর্ষদের চেয়ারম্যান শিলাদিত্য দেবের উদ্যোগে চার বছর ধরে বরাক উপত্যকার তিন জেলায় এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, এবছর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রায় ৪০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এবং বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে ১৮ জনকে রাজ্যস্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে।

বিধায়ক কিশোর নাথ রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের কথা তুলে ধরে প্রতিযোগীদের শুভেচ্ছা জানান। অপরদিকে বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, এই উদ্যোগ রবীন্দ্র সঙ্গীত ও নৃত্যচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্রেণিতে রবীন্দ্র সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। তাঁদের পরিবেশনা দর্শক ও বিচারকমণ্ডলীর মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে। অনুষ্ঠানে সন্দীপন দত্ত পুরকায়স্থ, মিতালি দাস, কিষান দাস, ঝিমলি নাথ, জয়দীপ বিশ্বাস, দীপক নাথ, পরিতোষ চক্রবর্তী, প্রসেনজিৎ পালসহ বহু সাংস্কৃতিক অনুরাগী উপস্থিত ছিলেন।



