ধলাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কিশোরের মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ মে : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে প্রাণ হারালো ধলাইয়ের মথুরাপুর জিপির অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের কিশোর রাজীব হোসেন লস্কর। শনিবার শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, গত বুধবার রাজনগর এলাকায় একটি ভয়াবহ বাইক দুর্ঘটনার শিকার হয় রাজীব। সে একটি বাইকের পেছনে বসা ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও শনিবার সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

রাজীবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিষ্ণুপুরসহ আশপাশের এলাকায় নেমে আসে গভীর শোক। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোক ও বেদনার আবহ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজীব হোসেন লস্কর ছিল পরিবারের একমাত্র পুত্র এবং সংসারের প্রধান উপার্জনক্ষম সদস্য। তাঁর বাবা রফিক উদ্দিন লস্কর দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে শয্যাশায়ী। ফলে পরিবারের যাবতীয় দায়িত্ব রাজীবের কাঁধেই ছিল। রাজীব পড়াশোনার সঙ্গে অর্থ রোজগার করে পরিবার চালাতো। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তা ও আর্থিক সঙ্কটের মুখে পড়েছে। এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *