শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৩০ মে : সোনাই এনজিএইচএস স্কুল মাঠে শনিবার অনুষ্ঠিত খুঁজ শিলচার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে ৮-৭ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উঠেছে ভূবনখাল খাসিয়া ইয়ুথ ক্লাব। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় শেষ হয়। ম্যাচের ৭ মিনিটে শেইটকা জিৎ গোল করে ভূবনখাল কাসিয়া ইয়ুথ ক্লাবকে এগিয়ে দেন। এরপর ৩৬ মিনিটে গাইথাই রংমাই দ্বিতীয় গোল করে দলের ব্যবধান বাড়ান।
অন্যদিকে, রবিন খাদেম অ্য়াকাডেমি কামরাঙ্গা দারুণভাবে ম্যাচে ফিরে আসে। ২৭ মিনিটে হেইবর্মাই দলের প্রথম গোলটি শোধ করেন। পরে ৩৮ মিনিটে ট্যালসন সমতাসূচক গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। নির্ধারিত সময়ে ফলাফল নির্ধারিত না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে উভয় দল সমানে সমান থাকায় খেলা পৌঁছে যায় সাডেন ডেথে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জয় নিশ্চিত করে ভূবনখাল খাসিয়া ইয়ুথ ক্লাব। ফলে ম্যাচের সামগ্রিক ফলাফল দাঁড়ায় ৮-৭। ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য শেমন সুলতংকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। শঙ্কর দাস ও মঞ্জু চক্রবর্তী তাঁর হাতে পুরস্কার তুলে দেন। এ দিন ম্যাচ পরিচালনায় শঙ্কর ভট্টাচার্য, হিরামণি চৌধুরী, বদরুল জামান ও আব্দুল জলিল আহমদ। এদিকে, আগামীকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে সোনাই টাউন একাদশ এবং দিদারকুশ এফসি।



