বরাক তরঙ্গ, ২৯ মে : হৃদয়বিদারক ঘটনা! জলাশয় থেকে ফুটবল আনতে গিয়ে করুণ ঘটনা ঘটল। সম্পর্কিত দুই ভাইয়ের সলিলসমাধি হল। শুক্রবার সকালে ১৬ ও ১৪ বছর বয়সী দুই কিশোরের ময়নাতদন্ত শেষে দেহ বাড়ি ফিরলে কান্নার রোল উঠে। ঘটনাটি চিপরসাঙ্গন প্রথম খণ্ড গ্রামের। আত্মীয়স্বজন ও স্থানীয়দের ভিড়ে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। অশ্রুসজল চোখে শেষ বিদায় জানানো হয় দুই কিশোরকে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার-পরিজন, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারা দুই কিশোরের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলতে গিয়ে পাশের জলাশয়ে পড়ে যাওয়া বল আনতে নেমে প্রাণ হারাল দুই কিশোর। মৃত দুই কিশোরের নাম অরূপম সিংহ (১৬) ও অভিনব সিংহ (১৪)। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর দুই কিশোরের দেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, অরূপম সিংহ পাঁচগ্রাম কেমব্রিজ স্কুলের দশম শ্রেণির ছাত্র। তার বাড়ি শিলচর শহরতলির সিঙ্গারীতে। ঈদের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। অন্যদিকে অভিনব সিংহ জওহর মনাছড়া নবোদয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।



