চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার জনের

Spread the news

২৮ মে : চলন্ত গাড়িতে আগুন লেগে একই পরিবারের চার জনের ঝলসে মৃত্যু রাজস্থানে। বৃহস্পতিবার ভোট সাড়ে ৫টা নাগাদ রাজস্থানের আজমের জেলার বরোদা থানা এলাকার শ্রীরামপুরা গ্রামে ঘটনাটি ঘটে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধান রাম সিং চৌধরী, তাঁর মা পুষি দেবী, তাঁর স্ত্রী সুরজ্ঞান দেবী ও ভাইঝি মহিমা।

স্থানীয় সূত্রে খবর, জেলা পরিষদের সদস্য পুষি দেবী হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন রাম সিং। সেই সময়ে রাস্তায় গাড়িটিতে আগুন লেগে যায়। কিন্তু গোটা ঘটনা এত দ্রুত ঘটে যে, গাড়ি থেকে বেরোনোর সুযোগটুকুও পাননি তাঁরা। আগুনে ঝলসে গাড়িতেই মৃত্যু হয় রাম সিং, সুরজ্ঞান এবং মহিমার। পরে স্থানীয়েরা কোনও ক্রমে যখন চার জনকে গাড়ি থেকে বার করে আনেন, তখন দেখা যায়, পুষিদেবী তখনওন জীবিত। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু পরে তাঁরও মৃত্যু হয়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বরোদা থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়েরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ সুপার হর্ষবর্ধন আগরওয়াল। পুলিশকে ঘটনার যথাযথ তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *