বরাক তরঙ্গ, ২৭ মে : পূর্ব গোবিন্দপুর প্রথম খণ্ড নন্দপুর গ্রামের আলহাজ আব্দুল মতিন লস্কর আর নেই। মঙ্গলবার রাত আড়াইটায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭২ বছর। তিনি মতিন সেক্রেটারি নামে সবার কাছে সুপরিচিত ছিলেন। দীর্ঘদিন তিনি ভিলেজে ডিফেন্স পার্টি অর্থাৎ ভিডিপির সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন। যারফলে তাঁকে মতিন সেক্রেটারি বললেই সবাই চিনতে পারছেন। ভিডিপির সেক্রেটারি হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘদিন কার্য নির্বাহ করেছেন। যার জন্য এখানেই তিনি সুপরিচিত হতে পেরেছেন। এছাড়াও বিভিন্ন সমাজ সেবা মূলক কাজে সবসময় জড়িত থাকতেন। গ্রামাঞ্চলে কোন সমস্যা হলেই সমাধানের জন্য তিনি সক্রিয় ভূমিকা পালন করতেন। গ্রামের উন্নয়নেও সবসময় অগ্রণী ভূমিকায় ছিলেন মতিন সেক্রেটারি। আজীবন ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষে ছিলেন। তাঁর মৃত্যুতে মর্মাহত পরিচিত মহলে। সমাজের একজন প্রকৃত ব্যক্তিকে হারিয়ে শোকস্তব্ধ নন্দপুর সহ পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের জনগণ। বুধবার সকালে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই মৃতের বাড়িতে অগনিত লোকের ভিড় জমে যায়। ভারাক্রান্ত মনে সহস্রাধিক মানুষ জানাজার নামাজে অংশ গ্রহণ করেন।
বুধবার দুপুর ১টায় গ্রামের ময়দানে জানাজার নামাজ আদায় করে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি রেখে গেছেন তিন পুত্র, এক কন্যা, নাতি, নাতনি সহ বহু শুভানুধ্যায়ী। তাঁর মৃত্যুতে গভীর শোক করে মৃতের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর, উধারবন্দের প্রাক্তন বিধায়ক অজিত সিং, প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা লেখক সাংবাদিক আব্দুল শুক্কুর বড়ভূইয়া, বর্তমান জেলা পরিষদ সদস্যার স্বামী ড. আব্দুর রেহিম লস্কর, সাংবাদিক কবীর আহমেদ লস্কর, ব্যবসায়ী আবুল ফয়েজ লস্কর, সমাজ সেবক সহিদ আহমদ বড়ভূইয়া প্রমুখ।



