সোনাবাড়িঘাটে নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন বরাকবঙ্গের

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ মে : নাচে-গানে-কবিতা-আলোচনায় যথাযোগ্য মর্যাদায় ১১ জৈষ্ঠ্য বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী পালন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্যে ও সংস্কৃতি সম্মেলনের সোনাবাড়িঘাট আঞ্চলিক সমিতি। মঙ্গলবার সোনাবাড়িঘাট এমভি স্কুলের সহযোগিতায় নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এদিন স্কুল ছুটির পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শিলচর রাধামাধব কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সূর্যসেন দেব। তিনি তাঁর বক্তব্যে বর্তমান প্রেক্ষাপটে নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি প্রসঙ্গক্রমে বলেন আজ আগের মতো প্রতিটি স্কুলে, অঞ্চলে, পাড়ায় রবীন্দ্র-নজরুল-সুকান্ত পালন আর হয় না। বলেন, নজরুল-সুকান্ত সহ মনীষীদের কৌশলে দূরে রাখার প্রচেষ্টা চলছে। তা ভবিষ্যতের জন্য মোটেই ভালো ইঙ্গিত নয়। বলেন, বর্তমানে সাংস্কৃতিক ও সামাজিক অবক্ষয়কে দূর করতে নজরুল সহ মহাপুরুষদের জীবনাদর্শ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের কর্তব্য। এও বলেন, কুসংস্কার, মাদকের মতো কুপ্রভাব থেকে মুক্ত ও মানসিক বিকাশ ঘটাতে নজরুল সুকান্ত সহ মহাপুরুষদের জীবন চর্চার বিকল্প নেই। নবপ্রজন্মকে সঠিক পথ দেখাতেই পারে সাংস্কৃতিক চর্চা। এছাড়াও তিনি বিদ্রোহী কবির সংগ্রামী জীবনও তুলে ধরেন। সবশেষে তিনি নজরুলের জীবনাদর্শকে পাথেয় করে সুনাগরিক হয়ে উঠার পড়ুয়াদের প্রতি আহ্বান রাখেন।

সভায় স্কুলের শিক্ষক জয়ন্ত চন্দ নজরুল ইসলামের নানা দিক তুলে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া বক্তব্য রাখেন আঞ্চলিক সমিতির সহ-সভাপতি আশু চৌধুরী। শুরুতেই বক্তব্য রাখেন সভাপতি মজনুল হক মজুমদার। অনুষ্ঠানে স্বাগত ও ধন্যবাদসূচক বক্তব্য রাখে অষ্টম শ্রেণির ছাত্রী সাহিদা বেগম লস্কর। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা অর্চনা তেজবাহাদুর রানা।

শুরুতে কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্কুলের প্রধানশিক্ষক তথা সমিতির সদস্য মজিবুর রহমান চৌধুরী, আঞ্চলিক সমিতির সভাপতি মজনুল হক মজুমদার, সাধারণ সম্পাদক হাসানজামান লস্কর প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আবজল হোসেন চৌধুরী, সমিতির দুই সদস্য বদর উদ্দিন বড়ভূইয়া, আবিদুর রহমান সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভাল প্রদশর্নকারী ৬ জন প্রতিযোগীর হাতে উপহার তুলে দেওয়া হয়। এদিন স্কুলের পড়ুয়ারা নৃত্য, আবৃত্তি, প্রবন্ধ পরিবেশনে অনুষ্ঠান আরও আলোকিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *