মূল্যবৃদ্ধি : অখিল-পীযূষের মধ্যে বাকবিতণ্ডার

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ মে : আজ অসম বিধানসভা অধিবেশনের তৃতীয় দিন। অধিবেশনে মূল্যবৃদ্ধি ইস্যু নিয়ে বিধায়ক অখিল গগৈ এবং পীযূষ হাজরিকার মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। দেশে মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকার বক্তব্যকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা।
সদনের মেঝেতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা বলেন, “অধ্যক্ষ মহোদয়, ইজরায়েল-আমেরিকা ও ইরানের যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে, আর সেই কারণেই মূল্যবৃদ্ধি হচ্ছে।” তাঁর এই বক্তব্যের মাঝেই অখিল গগৈ প্রশ্ন তোলেন, “তার সঙ্গে সিন্ডিকেটও হয়েছে কি না?”

এরপরই অধ্যক্ষ রণজিৎকুমার দাস অখিল গগৈকে বাধা দিয়ে বলেন, “একজন বিধায়ক যখন কথা বলছেন, তখন মাঝখানে মন্তব্য করবেন না। আপনাকে সময় দেওয়া হলে তখন আপনি বলতে পারবেন।”

উল্লেখ্য, দেশে ফের বৃদ্ধি পেয়েছে জ্বালানির দাম। চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের মূল্য। প্রতি লিটার পেট্রোলে ২ টাকা ৬১ পয়সা এবং প্রতি লিটার ডিজেলে ২ টাকা ৭১ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে গুয়াহাটিতে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৫ টাকা ৭৪ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ৩২ পয়সা।

অন্যদিকে, অধিবেশনের তৃতীয় দিনেই উত্থাপন করা হয় Uniform Civil Code (UCC) বিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা-র পক্ষে সংসদীয় পরিক্রমা মন্ত্রী অতুল বরা বিধানসভায় এই বিল উত্থাপন করেন। আগামী বুধবার, অর্থাৎ ২৭ মে, UCC নিয়ে বিধানসভায় বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *