বরাক তরঙ্গ, ২৩ মে : অসমের শোণিতপুর জেলায় অরুণাচল প্রদেশ সীমান্ত সংলগ্ন ভালুকপং এলাকায় শুক্রবার ভোররাতে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শোণিতপুরের এসএসপি বরুণ পুরকায়স্থ জানিয়েছেন, শুক্রবার ভোর প্রায় সাড়ে ৩টা নাগাদ একদল গরু চোর গ্রামের ভিতরে প্রবেশ করে এবং তিনটি গরু নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা তাদের ধাওয়া করে এবং মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং একজন আহত হন।
পুলিশ জানিয়েছে, মৃতরা মধ্য অসমের মরিগাঁও জেলার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেলেও এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থল থেকে চুরি হওয়া গরু এবং অভিযুক্তদের ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
এসএসপি আরও জানান, ঘটনায় বিপুল সংখ্যক মানুষ জড়িত ছিল বলে জানা গেছে। তবে দুর্গম বনাঞ্চল হওয়ায় এলাকায় কোনও সিসিটিভি ফুটেজ নেই, ফলে অভিযুক্তদের শনাক্ত করতে তদন্তে সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই ঘটনায় পুলিশ দুটি পৃথক মামলা রুজু করেছে—একটি গরু চুরির অভিযোগে এবং অন্যটি গণপিটুনির ঘটনায়। তবে গণপিটুনির মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।



