বাঘের হামলায় চার নারীর মর্মান্তিক মৃত্যু

Spread the news

২২ মে : মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় বাঘের হামলায় চার নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বনাঞ্চলে কেন্দু পাতা সংগ্রহ করতে গিয়ে তারা বাঘের আক্রমণের শিকার হন বলে জানিয়েছেন বন দফতরের এক কর্মকর্তা। শুক্রবার জেলার সদর শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে সিন্ডেওয়াহি তহসিলের গুঞ্জেওয়াহি গ্রামের নিকটবর্তী বনাঞ্চলে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন নারী একসঙ্গে কেন্দু পাতা সংগ্রহ করতে বনাঞ্চলে প্রবেশ করেছিলেন। কেন্দু পাতা সাধারণত বিড়ি তৈরির মোড়ক হিসেবে ব্যবহৃত হয়।

পাতা সংগ্রহের সময় আচমকাই একটি বাঘ তাদের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়। নিহতরা হলেন কাভাদাবাই মোহুরলে (৪৫), অনিতাবাই মোহুরলে (৪০), সুনিতা মোহুরলে (৩৮) এবং সংগীতা চৌধুরী (৫০)। তারা সকলেই গুঞ্জেওয়াহি গ্রামের বাসিন্দা। চন্দ্রপুর সার্কেলের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) আর এম রামানুজন জানান, খবর পাওয়ার পরই বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক তদন্ত ও সুরতহাল প্রক্রিয়া শেষ হলে ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *