প্রথমবারের মতো বিটিসি সরকারে থাকা মুসলিম মহিলা আখতারা আহমদকে আরও দায়িত্ব

Spread the news

বরাক তরঙ্গ, ২১ মে : বেগম আখতারা আহমদের দায়িত্ব আরও বৃদ্ধি করল বিটিসি সরকার। আগে জনস্বাস্থ্য ও কারিগরি (পিএইচই) বিভাগের দায়িত্বে থাকা বেগম আখতারা আহমেদকে এবার নতুন করে আরও তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

নতুন দায়িত্ব অনুযায়ী, তিনি এখন শ্রম কল্যাণ (Labour Welfare), লটারি এবং তথ্য ও জনসংযোগ বিভাগের কাজও দেখভাল করবেন। এর ফলে বিটিসি প্রশাসনে তাঁর দায়িত্ব ও প্রভাব আরও বাড়ল বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

বিটিসি সরকারের এই সিদ্ধান্তকে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শ্রমিক কল্যাণ, সরকারি তথ্য প্রচার এবং রাজস্ব-সংক্রান্ত বিভাগগুলোর কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রথমবারের মতো বিটিসি (Bodoland Territorial Council) এর ইতিহাসে একজন মুসলিম মহিলা কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারির নেতৃত্বাধীন পরিষদে বেগম আখতারার এই সাফল্যকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে বিটিএডি-র মুসলিম সম্প্রদায় নিজেদের বঞ্চিত ও প্রান্তিক মনে করে আসছিল। সেই প্রেক্ষাপটে একজন মুসলিম নারীর এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া বিশেষ তাৎপর্য বহন করছে।

রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা ছিল না বেগম আখতারা আহমদের। তাঁর স্বপ্ন ছিল সাহিত্যচর্চার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা। তবে জীবনের পথ তাঁকে নিয়ে আসে রাজনৈতিক অঙ্গনে। অসমের কালগাছিয়া অঞ্চলে জন্মগ্রহণ করেন বেগম আখতারা আহমদ। সেখানেই তাঁর প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থাতেই তাঁর বিয়ে হয়। তাঁর স্বামী ইব্রাহিম আলি মোল্লা সম্প্রতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পদ থেকে অবসর নিয়েছেন। সংসার জীবনের দায়িত্ব সামলেও বেগম আখতারা নিজের পড়াশোনা চালিয়ে যান। দশম শ্রেণিতে পড়ার সময়ই তাঁর প্রথম সন্তানের জন্ম হয়। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সফলভাবে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। বেগম আখতারা আহমেদ মাথাংগুড়ি কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *