মণিপুরের কাইমাইয়ে সিএসও বৈঠক আয়োজন আসাম রাইফেলসের

Spread the news

বরাক তরঙ্গ, ২১ মে : মণিপুরের চলমান পরিস্থিতির প্রেক্ষিতে তামেংলং জেলার কাইমাইয়ে একটি সিএসও (সিভিল সোসাইটি অর্গানাইজেশন) বৈঠকের আয়োজন করে আসাম রাইফেলস। এলাকার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। বুধবার আয়োজিত বৈঠকে মোট ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন বিভিন্ন গ্রামের প্রধান, সম্পাদক, যুবনেতা এবং নাগা ও কুকি—উভয় সম্প্রদায়ের প্রতিনিধিরা। এছাড়াও, দেওয়ানি প্রশাসন ও পুলিশের আধিকারিকরাও আলোচনায় অংশ নেন।

বৈঠকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আস্থা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি গুজব ও ভুয়ো তথ্য এড়িয়ে চলা, সশস্ত্র গোষ্ঠীগুলিকে কোনওরকম সহায়তা না করা এবং ৩৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে নিরাপত্তা বাহিনী ও সাধারণ যান চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। দীর্ঘমেয়াদি শান্তি ও উন্নয়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

বৈঠকের শেষে নাগা ও কুকি—উভয় সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান যে এলাকায় বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। ভবিষ্যতেও সম্প্রীতি বজায় রাখা এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁরা প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *