বরাক তরঙ্গ, ২০ মে : পাথারকান্দিতে গভীর শ্রদ্ধা, আবেগ ও সাংস্কৃতিক পরিবেশে পালিত হলো বাংলা ভাষা শহিদ দিবস। সাহিত্য সংগঠন ‘আমার ভাষা আমার প্রাণ’-এর উদ্যোগে উনিশে মে উপলক্ষে কটামণির ঝর্ণা ভিলায় আয়োজিত স্মরণসভা পরিণত হয় এক আবেগঘন সাংস্কৃতিক মিলনমেলায়। ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক, শিক্ষক, কবি, শিল্পী, নাট্যকর্মী ও সমাজসেবীরা।
অনুষ্ঠানের সূচনা করেন ১৯৬১ সালের ভাষা আন্দোলনের প্রবীণ সেনানি হরেন্দ্র কুমার দাস। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন। আয়োজকদের পক্ষ থেকে সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী তাঁকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান। ভাষা আন্দোলনের স্মৃতি তুলে ধরে হরেন্দ্রবাবু বলেন, ভাষার অধিকার রক্ষার সংগ্রাম আজও প্রাসঙ্গিক এবং বাংলা ভাষাভাষীদের সর্বদা সচেতন থাকতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক অজয় দাস।
অনুষ্ঠান চলাকালীন তাঁর সরাসরি চিত্রাঙ্কন ছিল অন্যতম আকর্ষণ। ক্যানভাসে তিনি ফুটিয়ে তোলেন ১৯৬১ সালের শিলচর রেল স্টেশনের ঐতিহাসিক ভাষা আন্দোলনের দৃশ্য। পরে সেই চিত্রকর্ম ভাষা সেনানির হাতে তুলে দেওয়া হয়।
এছাড়াও কবিতা পাঠ, গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কবি তাপস পাল, ফণী গোপাল নাথ, জবরুল হক, মধুমিতা মণ্ডলসহ বিশিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ও সমাজকর্মী এএস হোসেন আহমদ।



