বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ২০ মে : অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় কার্যকালেও অসমকে শিল্পের এক শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তোলার সঙ্গে সঙ্গে রাজ্যটির বিকাশ ও উন্নয়নমূলক কার্যসূচী দ্রুতগতিতে ও সুচারুরূপে অব্যাহত রাখতে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তারই ভিত্তিতে আজ তিনি জাগীরোডে নির্মীয়মান টাটা সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্রকল্পস্থলী এবং আঁহতগুড়িতে প্রস্তাবিত মেগা ইন্ডাস্ট্রিয়াল পার্কস্থলী পরিদর্শন করার পাশাপাশি তিনি সোণাপুরের কমারকুছিস্থ জুবিন ক্ষেত্র নির্মাণের অগ্রগতিরও বুঝ নেন। মুখ্যমন্ত্রী ড. শর্মা বুধবার প্রথমে জুবিন ক্ষেত্রে উপস্থিত হয়ে অসমবাসীর হৃদয়ের মণি জুবিন গার্গের সমাধিতে একটি বন্তি প্রজ্জ্বলন করে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। মুখ্যমন্ত্রী সমাধিক্ষেত্রের চত্বর পরিদর্শন করেন এবং নির্মাণকাজের বর্তমান পর্যন্ত হওয়া অগ্রগতির বুঝ নেন।
উল্লেখ্য, সুপরিকল্পিতভাবে একটি মর্যাদাপূর্ণ ও সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ এবং উত্তর প্রজন্মের জন্য অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে জুবিন ক্ষেত্রকে গড়ে তুলতে রাজ্য সরকার প্রয়াস গ্রহণ করেছে। লোকনির্মাণ বিভাগ ইতিমধ্যে জুবিন ক্ষেত্র নির্মাণের প্রাথমিক কাজ হিসেবে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে চত্বরের দেয়াল নির্মাণের কাজ করে চলেছে। ওপর থেকে মাটি সরে আসা রোধ করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী পরবর্তী পর্যায়ে সমাধিক্ষেত্র নির্মাণের কাজ ত্বরান্বিত করার জন্য আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এর পরেই মুখ্যমন্ত্রী মরিগাঁও জেলার আঁহতগুড়ির বরবরীতে উপস্থিত হয়ে অঞ্চলটিতে উপলব্ধ সরকারি ভূমি পরিদর্শন করেন। উল্লেখ্য, জাগীরোড কেন্দ্রের অন্তর্গত এই অঞ্চলটিতে উপলব্ধ ৩৩১ বিঘারও বেশি সরকারি ভূমি সংরক্ষণ করে বিভিন্ন সরকারি অনুষ্ঠান ইত্যাদি স্থাপনের জন্য আবণ্টনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আজ আঁহতগুড়ির চিপিরি-দুরুলাডুবি রাজস্ব গ্রামের ১০৬৭ বিঘারও বেশি ভূমিতে প্রস্তাবিত মেগা ইন্ডাস্ট্রিয়াল পার্কস্থলীতে উপস্থিত হয়ে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা করেন। মুখ্যমন্ত্রী সেই স্থানে উপস্থিত স্থানীয় জনসাধারণের সাথেও মত বিনিময় করেন। এই পরিদর্শনের সময় স্থানীয় বিধায়ক পীয়ুষ হাজরিকা, মুখ্যসচিব ড. রবি কোটা সহ সংশ্লিষ্ট বিভাগসমূহের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।মুখ্যমন্ত্রী ড. শর্মার এই পরিদর্শনকালে টাটা সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্রকল্পের জ্যেষ্ঠ আধিকারিকরা প্রকল্পটির সাম্প্রতিক অবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেন। উচ্চাকাঙ্ক্ষী এই প্রকল্পটির নির্মাণকাজগুলি যাতে নির্ধারিতভাবে সম্পাদন হয় সেই বিষয়ে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের যাবতীয় পরামর্শ প্রদান করেন। এই পরিদর্শনকালে স্থানীয় বিধায়ক পীয়ুষ হাজরিকা ছাড়াও প্রকল্পটির প্রকল্প পরিচালক আশীষ মিশ্র সহ প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ আধিকারিক, অসম সরকার এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এ দিন মরিগাঁও জেলা ভ্রমণকালে মুখ্যমন্ত্রী ড. শর্মা জাগীরোডের ঐতিহাসিক ও পবিত্র গোভা দেউরজা সারিভাই দেউশাল শিব থানে উপস্থিত হয়ে প্রণিপাত জানানোর সঙ্গে সঙ্গে রাজ্যবাসীর মঙ্গলের জন্য পূজা-অর্চনা নিবেদন করেন। এরপর উপস্থিত সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী চতুর্দশ শতাব্দীতেই গোভা রাজা প্রতিষ্ঠা করা শিবলিঙ্গে সেবা নিবেদন করে প্রশান্তি অনুভব করার কথা মন্তব্য করেন যে, ঐতিহাসিক এই পবিত্র শিবথানটির উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই কাজগুলি সম্পূর্ণ হলে থানটি আধ্যাত্মিক পর্যটনের একটি অন্যতম কেন্দ্র হয়ে পড়বে বলেও তিনি মন্তব্য করেন। থানের চত্বরেই মুখ্যমন্ত্রী কয়েকটি তিওয়া জাতীয় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় জনসাধারণের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।



