জম্পুইজলা প্রেস ক্লাবে নবনির্বাচিত এমডিসি সুরজ দেববর্মাকে সংবর্ধনা

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ মে : জম্পুইজলা প্রেস ক্লাবের উদ্যোগে টাকারজলা-জম্পুইজলা কেন্দ্রের নবনির্বাচিত ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-এর সদস্য তথা এমডিসি সুরজ দেববর্মার সঙ্গে এক সৌজন্যমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জম্পুইজলা প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত এমডিসিকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতেই জম্পুইজলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ঐতিহ্যবাহী রিসা, ফুলের তোড়া ও মানপত্র প্রদান করে এমডিসি সুরজ দেববর্মাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। প্রেস ক্লাবের সভাপতি লক্ষণ দেববর্মা ও সম্পাদক শিবচরণ দেববর্মা সহ অন্যান্য সাংবাদিকরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নবনির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর ভূমিকার প্রশংসাও করেন উপস্থিত সদস্যরা।

সংবর্ধনা পর্বের পর অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। সেখানে প্রেস ক্লাবের সভাপতি লক্ষণ দেববর্মা এবং সম্পাদক শিবচরণ দেববর্মা সাংবাদিকদের নানাবিধ সমস্যা ও অসুবিধার বিষয় তুলে ধরেন। বিশেষ করে সাংবাদিকদের কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব, প্রেস ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের নিরাপত্তা এবং বিভিন্ন প্রশাসনিক সহযোগিতার প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় যে সকল সমস্যার সম্মুখীন হতে হয়, সেই বিষয়েও এমডিসির দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনার পর এমডিসি সুরজ দেববর্মা বলেন, সমাজে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ। তাঁরা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করে সমাজকে সচেতন করে তুলছেন এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, তাঁদের কাজের পরিবেশ আরও উন্নত করা প্রয়োজন এবং প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, জম্পুইজলা প্রেস ক্লাবের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সাংবাদিকদের যেকোনো ন্যায়সঙ্গত দাবি ও প্রয়োজনের ক্ষেত্রে তিনি সবসময় পাশে থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন। এমডিসির এই ইতিবাচক মনোভাব ও আশ্বাসে উপস্থিত সাংবাদিকদের মধ্যে খুশির আবহ সৃষ্টি হয়।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিদয় দেববর্মা, ব্রজ্য দেববর্মা, উদয়সম কাইপেং, ইয়াদীপ দেববর্মা সহ আরও অনেকে। সৌজন্যমূলক এই বৈঠককে কেন্দ্র করে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেই মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *