বরাক তরঙ্গ, ১৯ মে : গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার দুপুরে হাইলাকান্দি জেলার জানকিবাজারের বক্ৰিহাওর দ্বিতীয় খণ্ড এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। মৃতের নাম রজিবুল হক চৌধুরী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধানে এলাকায় গাছ কাটার কাজ চলছিল। দিনমজুর হিসেবে কর্মরত রজিবুল হক চৌধুরীকে একটি গাছে উঠে ডাল কাটার দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, কাজ শুরু হওয়ার আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। কাজ চলাকালীন আচমকাই বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন রজিবুল। তাতেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বিক্ষোভকারীরা মৃতের পরিবারের জন্য সরকারি ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।



