বিধায়ক রাজদীপ রায়কে সংবর্ধনা শিলচর স্পোর্টিং ক্লাবের

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ মে : শিলচরের নবনির্বাচিত বিধায়ক ডাঃ রাজদীপ রায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে উষ্ণ সংবর্ধনা জানালো শিলচর তথা বরাকের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাব। সোমবার সংস্থার এক প্রতিনিধিদল নবনির্বাচিত বিধায়ক ডাঃ রাজদীপ রায়ের রাধামাধব রোডের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে তাকে সংস্থার পক্ষ থেকে ফুলের তোঁড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করেন। 

এদিন বিধায়ককে প্রতিনিধিদল জানান শিলচর স্পোর্টিং ক্লাব তাদের প্রতিষ্ঠার ৯০ বছরে পা রেখেছে এবং দীর্ঘ নব্বই বছর এর ইতিহাসকে স্মরণীয় করে রাখতে বিশেষ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা এবং এরজন্য ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি চলছে। সংস্থার সভাপতি ড. অনুপকুমার রায় বিধায়ককে জানান তাদের ক্লাব বরাক উপত্যকার মধ্যে দ্বিতীয় ও সুপ্রাচীন ক্রীড়া সংগঠন এবং বরাক উপত্যকার ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে তাদের যথেষ্ট অবদান রয়েছে। তিনি বলেন এবছরই তারা ৯০ বছর পূর্তিতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন এবং তারজন্য তারা বিধায়কের সহযোগিতা চাইছেন। অনুপবাবু বলেন ১৯৩৬ সালে যখন ভারতবর্ষ পরাধীন ছিল সেসময় জন্ম নেওয়া প্রাচীনতম এই ক্লাব নিজেদের সুনাম অক্ষুন্ন রেখে আজঅবধি ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে কাজ করে চলেছে। তিনি আরও বলেন, খুব সম্ভবত জুন মাসে সংস্থা ‘গ্রেনাইড জয়ন্তী’ উৎসব পালন করবে এবং উক্ত উৎসবকে উপলক্ষ করে পুরো বছরব্যাপী নানা ধরণের অনুষ্ঠান রয়েছে। এদিকে বিধায়ক ডাঃ রাজদীপ রায় শিলচর স্পোর্টিংয়ের উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে তিনি শীঘ্রই সংস্থার কার্য্যালয় পরিদর্শনে আসবেন বলে জানান। 

উল্লেখ্য, এদিনের প্রতিনিধিদলে সভাপতি অনুপকুমার রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বাবুল হোড়, কোষাধ্যক্ষ সত্যজিৎ দাস, দেবাশিস সোম, জয়দীপ কর, সুদীপ রায় চৌধুরী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *