১৯ মে : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির জেরে দেশজুড়ে ফের বাড়ল জ্বালানির দাম। গত শুক্রবারের পর তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম নতুন করে সংশোধন করেছে। মাত্র পাঁচদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মূল্যবৃদ্ধির (Petrol-Diesel Price Hike) ধাক্কায় কার্যত দিশেহারা সাধারণ মানুষ। মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে পেট্রোল-ডিজেলের এই নয়া দাম।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতায় (Kolkata) পেট্রোলের দাম লিটার প্রতি ৯৬ পয়সা বেড়ে হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা। পাশাপাশি, ডিজেলের দাম লিটার প্রতি ৯৪ পয়সা বৃদ্ধি পেয়ে ঠেকেছে ৯৬ টাকা ০৭ পয়সায়। চার মহানগরের মধ্যে তিলোত্তমায় পেট্রোলের দামের গ্রাফ সবচেয়ে ঊর্ধ্বমুখী। অন্যদিকে রাজধানী দিল্লিতে (Delhi) পেট্রোলের দাম ৮৭ পয়সা বেড়ে হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা এবং ডিজেল ৯১ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ৫৮ পয়সায়। চেন্নাই ও মুম্বইয়ের চিত্রটাও আলাদা কিছু নয়। এর আগে গত শুক্রবারই এক ধাক্কায় লিটার প্রতি ৩ টাকা বাড়ানো হয়েছিল জ্বালানির দাম। একই সঙ্গে দিল্লিতে সিএনজি-র দামও কেজি প্রতি ২ টাকা বৃদ্ধি পেয়েছে।



