-: বিধায়ক দাশ পুরকায়স্থ :-
ওরা না দিক স্বীকৃতি,
ধুলোয় চাপা পড়ে থাক ফাইল—
রক্তে লেখা ইতিহাস
কখনও মুছে যায় না।
উনিশে মে শুধু দিন নয়,
এ রক্তে জ্বলা ইতিহাস—
মায়ের ভাষা কেড়ে নিতে এলে
এগারোটি বুক আগুন হয়ে দাঁড়ানোর শপথ।
নামকরণে কী আসে যায়,
যদি না জাগে চেতনা?
শহিদের সম্মান ফলকে নয়,
বেঁচে থাকে আত্মমর্যাদায়।
আমরা জানি—
অধিকার ভিক্ষায় মেলে না,
রক্ত দিয়েই
ছিনিয়ে নিতে হয়।
তাই ছুঁড়ে ফেলো ভিক্ষার পাত্র,
মেরুদণ্ড সোজা করে গর্জে ওঠো—
মায়ের দেওয়া ভাষা
রক্ত দিয়ে আগলে রাখতে জানি আমরা।
যে জাতি মাতৃভাষার জন্য
বুকের তাজা রক্ত ঢালতে পারে,
ইতিহাস তাকে কখনও
মুছে ফেলতে পারে না।



