বরাক তরঙ্গ, ২০ জুলাই : দিল্লিতে ছাত্রছাত্রীদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে চলা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে সোমবার গুয়াহাটির উলুবাড়ির ভলভো পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করে অল এআইডিএসও, এআইএমএসএস এবং এআইডিওয়াইও। বিক্ষোভে অংশগ্রহণকারীরা নিট-ইউজি-সহ বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বিলুপ্তি, সোনম ওয়াংচুক-সহ আন্দোলনকারীদের দাবিগুলি মেনে নেওয়া এবং আন্দোলনকারীদের উপর পুলিশি দমন বন্ধের দাবিতে স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এআইএমএসএস-এর অসম রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য স্বর্ণলতা চলিয়া অভিযোগ করেন, নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দেশজুড়ে চলা আন্দোলন দমন করতেই সরকার অগণতান্ত্রিক পদক্ষেপ নিচ্ছে। তাঁর দাবি, কেন্দ্রীয় পরীক্ষা ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে সরকার দমনমূলক নীতি গ্রহণ করেছে, যা শিক্ষার্থীদের প্রতি চরম অবহেলার পরিচয় বহন করে।
তিনি আরও বলেন, দিল্লিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ সরকারের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অনীহাই প্রকাশ করেছে। জাতীয় পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা রক্ষায় ব্যর্থতার দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ, এনটিএ-কে বাতিল এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদালতের তত্ত্বাবধানে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান তিনি।
সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়, দমন-পীড়নের মাধ্যমে আন্দোলন স্তব্ধ করা সম্ভব নয়। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষ, শিক্ষক-শিক্ষিকা, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, অভিভাবক ও ছাত্রসমাজকে আন্দোলনের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে এআইডিওয়াইও-র আসাম রাজ্য কমিটির অফিস সম্পাদক বিজিত কুমার সিনহা, এআইডিএসও-র রাজ্য সভাপতি হিল্লোল ভট্টাচার্যসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



