শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১৮ মে : ভাগাবাজারে পঞ্চায়েত কাপ ফুটবল প্রতিযোগিতায় রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল জয়ধনপুর এফসি। সোমবার রাজঘাটের রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে এম কে আজাদ দলকে ৪-৩ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় জয়ধনপুর এফসি।
ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত খেলায় ৩-১ গোলে এগিয়ে যায় এম কে আজাদ দল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় জয়ধনপুর এফসি। গোল শোধে মরিয়া হয়ে ওঠা দলটি টানটান উত্তেজনাপূর্ণ খেলায় পরপর তিনটি গোল করে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয়। শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে জয়ধনপুর এফসি।
রোমাঞ্চকর এই ম্যাচ উপভোগ করতে মাঠে দর্শকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। দর্শনীয় গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নেওয়ায় জয়ধনপুর এফসির সাকাই খান ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলা শেষে ভাগাবাজার জিপির এপি সদস্যার প্রতিনিধি সাবির আহমেদ লস্কর, পঞ্চায়েত কাপ ম্যানেজমেন্ট কমিটির স্পোর্টস সেক্রেটারি কমরুজ্জামান লস্কর এবং সাংবাদিক সিতু পাঠান সাকাই খানের হাতে পুরস্কার তুলে দেন।
মঙ্গলবার কোনো খেলা না থাকলেও বুধবারের ম্যাচে মুখোমুখি হবে স্টার লোকনাথপুর এবং বাপ্পন এফসি।



