১৭ মে : প্রথম বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাতে সবে বুলডোজার অভিযান শুরু হলেও যোগী রাজ্যে অনেক আগে থেকেই চলছে। এখনও তার রেশ কাটেনি। এবার এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চের নির্দেশে রবিবার উত্তরপ্রদেশের রাজধানী শহরে ব্যাপক বুলডোজার অভিযান চালাল পুরসভা। জেলা আদালত চত্বরের বাইরে গড়ে ওঠা আইনজীবীদের বেআইনি চেম্বার এবং দোকান ভাঙাকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিশাল পুলিশ বাহিনী ও প্রাদেশিক সশস্ত্র কনস্টেবল বাহিনী মোতায়েন রেখে চলে উচ্ছেদ অভিযান।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিভিল কোর্ট এবং জেলা শাসকের দপ্তরের বাইরে প্রায় ২৪০টি বেআইনি চেম্বার ও দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আদালত চত্বরে দীর্ঘদিন ধরে দখল করে এই নির্মাণ গড়ে উঠেছিল বলে অভিযোগ। রবিবার সকালেই বুলডোজার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুরসভার বুলডোজার টিম।
অভিযান শুরু হতেই আইনজীবীদের একাংশ প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রশাসনের বিরুদ্ধে স্লোগান ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও বিক্ষোভরত আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি কিছুটা সময়ের জন্য অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে।



