বদরপুরে একের পর এক ভূমিধস, আতঙ্কে পাহাড়ি এলাকার বাসিন্দারা

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ মে : অবিরাম মুষলধারার বৃষ্টির জেরে শ্রীভূমি জেলায় ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। বিশেষ করে বদরপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক ভূমিধসের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার বদরপুর থানার অন্তর্গত শ্রীনগর এলাকার ১০ নম্বর ওয়ার্ডে ভয়ংকর ভূমিধসের ঘটনা ঘটে। জানা গেছে, এলাকার বাসিন্দা কাজলরানি দে’র বসতবাড়ির উপর আচমকাই পাহাড়ের একাংশ ধসে পড়ে। বিকট শব্দে মাটি ও পাথর বাড়ির উপর এসে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্য ও আশপাশের বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতভর চলা ভারি বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকার মাটি দুর্বল হয়ে পড়ে। তার জেরেই এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাকালে পরিবারের সদস্যরা বাড়িতে উপস্থিত থাকলেও সৌভাগ্যবশত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, বদরপুর থানার বগ্লিগোল এলাকায় আব্দুল হান্নানের বাড়িতেও ভূমিস্খলনের ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবুও টানা বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ক্রমশ বাড়ছে। বিশেষ করে পাহাড় সংলগ্ন এলাকায় বসবাসকারী পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বদরপুর ফায়ার অ্যান্ড  ইমারজেন্সি সার্ভিসের কর্মীরা। তারা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেন। প্রশাসনের পক্ষ থেকেও গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *