বরাক তরঙ্গ, ১৫ মে : সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস নেত্রী রিনা বেগম চৌধুরী আর নেই। শুক্রবার দুপুর ১২-৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬১ বছর। প্রয়াত চৌধুরী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। শেষে তিনি কিডনি জনিত রোগে আক্রান্ত হন। আগামীকাল শনিবার জোহরের নামাজের পর সোনাবাড়িঘাট চৌধুরী মসজিদে সংলগ্ন ঈদগাহ মাঠে প্রয়াতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং বিকেলে আদি বাড়ি বাগপুরে জানাজা অনুষ্ঠিত হবে।
সোনাবাড়িঘাট (বাজার) প্রথম খণ্ডের বাসিন্দা রিনা বেগম চৌধুরী সোনাই অঞ্চলের কংগ্রেসের প্রথম স্বাধীন নেত্রী ছিলেন। পাশাপাশি শিলচর জেলা কংগ্রেসের পদাধিকার ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন বিবাহিত দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি সহ আত্মীয়-স্বজন। প্রয়াতের স্বামী ডাঃ ময়ীনুল হক চৌধুরী কয়েক বছর আগে মারা যান। চৌধুরীর বড় ছেলে মেহবুব হোসেন চৌধুরী (মুন্না) মালুয়া হাসপাতালের চিকিৎসক। রিনা বেগম চৌধুরীর মৃত্যুতে স্থানীয় এলাকাসহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।
তিনি আশি দশকে কংগ্রেসে যোগদান করেন। শিলচর মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। শিলচর কৃষক সেলের সম্পাদক পদেরও দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। সোনাই ব্লক কংগ্রেসের সম্পাদকও ছিলেন। ২০০২ সালে সোনাবাড়িঘাট জিপির এপি সদস্যা পদে জয়ী হয়ে সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির পদে আসীন হন। তিনি প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের ঘনিষ্ঠ ছিলেন। সুসম্পর্ক ছিল প্রয়াত দীনেশপ্রসাদ গোয়ালা সহ অন্যান্য দলীয় নেতা কর্মীদের সঙ্গে। তিনি সবার স্নেহভাজন ছিলেন।



