বরাক তরঙ্গ, ১৪ মে : গভীর রাতে পশ্চিম কাটিগড়ার ইন্দো-বাংলা সীমান্তবর্তী জলালপুর এলাকায় সংঘটিত হলো এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা। অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে ডাকাতরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। বুধবার গভীর রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
জানা গেছে, পশ্চিম কাটিগড়ার জলালপুর ভৈরবপল্লী এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দন চক্রবর্তীর বাড়িতে রাত প্রায় ৩টা ১৫ মিনিটের সময় একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে। ডাকাতরা বাড়ির জানালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং অস্ত্রের মুখে চন্দন চক্রবর্তীকে স্টিলের আলমারি খুলতে বাধ্য করে।
ডাকাতরা আলমারি থেকে নগদ টাকা, চন্দনবাবুর স্ত্রী নন্দা চক্রবর্তীর একটি সোনার নেকলেস, কানের দুলসহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। প্রায় ৪০ মিনিট ধরে ডাকাতরা বাড়ির ভিতরে তাণ্ডব চালিয়ে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে। এমনকি রান্নাঘর থেকে একটি গ্যাস সিলিন্ডারও নিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে গুমড়া পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন। খবর পেয়ে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি দ্রুত দুষ্কৃতিদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেন এবং সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেন।



