বরাক তরঙ্গ, ১৪ মে : উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় ভর্তি করা এবং আগামী পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ দেওয়ার দাবিতে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্তের মাধ্যমে আসামের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করে এআইডিএসও করিমগঞ্জ জেলা কমিটি। সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন করে বিভিন্ন বাধা নিষেধ আরোপ করার পরিপ্রেক্ষিতে উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় অনুত্তীর্ণ বহু শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেক শিক্ষার্থীকে পুনরায় ভর্তি করতে বা নিয়মিত ছাত্র হিসেবে পরীক্ষায় বসার সুযোগ দিতে অনীহা প্রকাশ করছে। এর ফলে বহু দরিদ্র ও সাধারণ পরিবারের ছাত্রছাত্রীর শিক্ষাজীবন চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষা প্রতিটি শিক্ষার্থীর মৌলিক অধিকার, তাই কোনো অবস্থাতেই কাউকে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না।

এই উদ্ভূত পরিস্থিতির সমাধানে এআইডিএসও-র পক্ষ থেকে দাবি জানানো হয় অনুত্তীর্ণ সমস্ত শিক্ষার্থীকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় নিয়মিত ছাত্র হিসেবে ভর্তি করতে হবে, আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাদের বসার সম্পূর্ণ সুযোগ সুনিশ্চিত করতে হবে, কোনও অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি বা জরিমানা আদায় করা চলবে না। সংগঠনের প্রতিনিধি দল স্পষ্ট জানিয়েছেন, যদি দ্রুত এই বিষয়ে প্রশাসন ও শিক্ষা দপ্তর ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করে, তবে শিক্ষার্থীদের স্বার্থে আগামীতে জেলা জুড়ে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন এআইডিএসও করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি সুজিতকুমার পাল, সম্পাদক সঞ্চিতা শুক্ল সহ অন্যান্যরা।



