বরাক তরঙ্গ, ১৪ মে : কাছাড় জেলার বেরেঙ্গা তৃতীয় খণ্ডের বাখরশাহ মোকাম পয়েন্ট এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে এক রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধারালো দায়ের কোপে গুরুতর আহত হন দুই ভাই। বর্তমানে তাঁরা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, মধুরবন্দ কিলগাউর এলাকার মাছ ব্যবসায়ী জমুল হক মজুমদারের সঙ্গে কামাল উদ্দিন মজুমদারের দীর্ঘদিন ধরে দোকান বসানো নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ, বৃহস্পতিবার সকালে কামাল উদ্দিন দোকান খুলতে গেলে অভিযুক্ত পক্ষ বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, একপর্যায়ে জমুল হক মজুমদার ধারালো দা নিয়ে কামাল উদ্দিনের ছেলেদের উপর হামলা চালান। এতে রিপন উদ্দিন মজুমদারের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ভাইকে বাঁচাতে এগিয়ে এলে সিপন উদ্দিন মজুমদারের হাতেও দায়ের কোপ লাগে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত দুই ভাইকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন আহত রিপন উদ্দিন মজুমদার। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে, ঘটনার পর শিলচর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহতদের পরিবার। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।



