ঝড়ে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, ভেঙে পড়ল ঘর-বাড়ি, মা ও তিন মেয়ে সহ মৃত ৬০

Spread the news

১৪ মে : প্রবল দুর্যোগে বিপর্যস্ত উত্তর প্রদেশ। বুধবার বিকেলের পর থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। সন্ধে থেকেই প্রবল ঝড়, সেইসঙ্গে বৃষ্টির দাপট। লণ্ডভণ্ড হয়ে যায় উত্তর প্রদেশের একাধিক জেলা। রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির দাপটে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। আহত হয়েছেন অনেকে। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে যোগী সরকার।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রয়াগরাজে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। এর পরেই রয়েছে ভাদোহি (১৫ জন) এবং মির্জাপুর (১০ জন)। এছাড়া ফতেহপুরে ৯ জন এবং হারদোই, কনৌজ ও কৌশাম্বী জেলা থেকেও মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ভাদোহির সূর্যওয়ান এলাকায় গাছ পড়ে একই পরিবারের মা ও তিন মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঝড়ের তাণ্ডব শুরু হয় বুধবার বিকেল থেকেই। ঝড়ের কারণে একাধিক জেলায় গাছ উপড়ে পড়ে। প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ভেঙে পড়েছে একাধিক মাটির বাড়ি। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। যার ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। যোগাযোগ ব্যবস্থার উপরও প্রভাব পড়েছে। রাস্তায় গাছ পড়ে যান চলাচল বিপর্যস্ত হয়েছে। আবার রেললাইনে গাছ ভেঙে পড়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। বিভিন্ন রুটে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল বলে খবর। এদিকে, ঝড়ের তাণ্ডবের সঙ্গে বৃষ্টিরও দাপট ছিল। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক জেলা। বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে বলে জানা গিয়েছে।

প্রবল ঝড়-বৃষ্টির দাপটে প্রয়াগরাজ, কানপুর, দেহাত ও ফতেহপুরসহ একাধিক জেলায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কোথাও বজ্রপাতে মৃত্যু হয়েছে, কোথাও আবার ঝড়-বৃষ্টির দাপটে ধসে পড়া দেওয়াল ও গাছে চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। কৃষিক্ষেত্রেও প্রচুর ক্ষতি হয়েছে। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ত্রাণ পরিষেবা অব্যাহত রাখার জন্য নির্দেশ দিয়েছেন আধিকারিকদের। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। কী পরিমাণ ফসল নষ্ট হয়েছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিক্ষেত্রে, তা দেখে দ্রুত ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

এদিকে, আবহাওয়া দফতর রাজ্যজুড়ে আরও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী কয়েকদিন ধরে বেশ কয়েকটি জেলায় বর্জ্র-বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ারও দাপট থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *