বরাক তরঙ্গ, ১৩ মে : পলাশবাড়ি থানার অন্তর্গত লোহারঘাট বনাঞ্চলিক কার্যালয়ের অধীন চানডুবি এলাকার ২ নম্বর জুপাংবাড়িতে ফের বন্যহাতির হামলায় এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম বিচিত্র রাভা (৩৫)। তিনি দেওঁপানির গোসাঁইপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে খাদ্যের সন্ধানে একটি বন্যহাতি লোকালয়ে ঢুকে পড়ে। সেই সময় বাড়ির পাশের বাঁশঝাড়ের কাছে দাঁড়িয়ে থাকা বিচিত্র রাভার উপর আচমকাই হামলা চালায় হাতিটি। হামলায় তিনি মাটিতে পড়ে গুরুতরভাবে জখম হন। হাতিটি তাঁর বুক ও পিঠে আঘাত করলে তিনি আশঙ্কাজনক অবস্থায় পড়ে যান।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে মির্জা সিভিল চিকিৎসালয়ে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার জিএমসিএইচ-এ ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ বাড়িতে আনা হলে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে বনবিভাগের কর্মী, প্রশাসনের প্রতিনিধি ও বহু স্থানীয় বাসিন্দা উপস্থিত হয়ে গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি নিহতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং বন্যহাতির উপদ্রব রোধে স্থায়ী সমাধানের দাবিও তোলা হয়।
মৃত্যুকালে বিচিত্র রাভা স্ত্রী, পুত্র-কন্যাসহ বহু আত্মীয়স্বজন রেখে গিয়েছেন। দীর্ঘদিন ধরে পশ্চিম কামরূপ বন সংমণ্ডলের অন্তর্গত চানডুবি ও পলাশবাড়ী এলাকার বিভিন্ন স্থানে মানুষ ও বন্যহাতির সংঘাত চললেও এখনও পর্যন্ত কার্যকর স্থায়ী ব্যবস্থা গ্রহণ না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। উল্লেখ্য, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি একই এলাকায় বন্যহাতির আক্রমণে গধুলু বড়ো (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।



