১৩ মে : মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে মেরুকরণের আভাস দিয়ে উপসাগরীয় আরব দেশগুলোকে কঠোর বার্তা দিয়েছেন ইজরায়েলে নিযুক্ত নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি সাফ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আরব দেশগুলোকে যেকোনও একটি পক্ষ বেছে নিতে হবে—হয় ইজরায়েল, না হয় ইরান।
ইজরায়েলে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় হাকাবি অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শীঘ্রই আরও বেশ কিছু মধ্যপ্রাচ্যের দেশ ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দেবে এবং ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে।
তবে হাকাবির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন গাজা, লেবানন, সিরিয়া এবং সম্প্রতি ইরানে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানে আরব বিশ্বের দেশগুলোর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। আরব দেশগুলো ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বারবার সরব হলেও মার্কিন দূত ইরানকে মূল শত্রু হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন।
ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য মার্কিন সমর্থন জোরালো করার আহ্বান জানিয়ে হাকাবি এক বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “ইরানের ধর্মতাত্ত্বিক শাসনের কাছে ইসরায়েল হলো কেবল ‘ক্ষুধা জাগানিয়া স্টার্টার’ (appetizer), তাদের মূল লক্ষ্য বা ‘প্রধান খাবার’ (entrée) হলো আমেরিকা।”
উপসাগরীয় দেশগুলোর উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, “আপনাদের এখন বুঝতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে—ইরান নাকি ইজরায়েল, কার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনাদের বেশি? ইতিহাস দেখুন, ইজরায়েল আমাদের সহায়তা করেছে আর ইরান আমাদের আক্রমণ করেছে। ইজরায়েল আপনাদের জমি দখল করতে আসছে না কিংবা আপনাদের দিকে ক্ষেপণাস্ত্রও ছুড়ছে না।”



