বরাক তরঙ্গ, ১৩ মে : পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া আর্থিক অনিশ্চয়তার মধ্যে জ্বালানি সাশ্রয়ে বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী Narendra Modi। দেশের অর্থনীতিকে সম্ভাব্য চাপ থেকে রক্ষা করতে নিজের কনভয়ের গাড়ির সংখ্যা একধাক্কায় ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি কনভয়ে বৈদ্যুতিক যান ব্যবহারের ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG)-কে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, নিরাপত্তায় কোনওরকম আপস না করেই কনভয়ের বহর ছোট করতে হবে। ইতিমধ্যেই গুজরাটের ভাদোদরা এবং অসমের গুয়াহাটি সফরে প্রধানমন্ত্রীর কনভয়ে এই পরিবর্তনের প্রভাব দেখা গিয়েছে। তবে নতুন গাড়ি কেনার পরিবর্তে বর্তমান পরিকাঠামো ব্যবহার করেই এই পরিবর্তন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি হায়দরাবাদের এক জনসভায় দেশবাসীর উদ্দেশে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের ওপর চাপ কমাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। তিনি সাধারণ মানুষকে আগামী এক বছর সোনা কেনা ও অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি মেট্রো রেল ব্যবহার, কার-পুলিং এবং প্রয়োজন অনুযায়ী বাড়ি থেকে কাজ (WFH) করারও পরামর্শ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই সাশ্রয়ী নীতির প্রভাব ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যেও দেখা যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী C. R. Patil ইতিমধ্যেই এসকর্ট গাড়ি ব্যবহার বন্ধ করেছেন বলে জানা গেছে।
এছাড়া মধ্যপ্রদেশ ও রাজস্থানের মুখ্যমন্ত্রীরাও নিজেদের কনভয়ের আকার ছোট করার পথে হাঁটছেন। সব মিলিয়ে, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে ভারতীয় অর্থনীতিতে যাতে বড় ধাক্কা না লাগে, তার জন্য প্রশাসনিক থেকে ব্যক্তিগত স্তর পর্যন্ত সাশ্রয়ের বার্তা দিচ্ছে কেন্দ্র সরকার।



