দিলোয়ার বড়ভূইয়া, ধলাই।
বরাক তরঙ্গ ১২ মে : দক্ষিণ কাছাড় জেলার অন্যতম ব্যস্ত বাণিজ্যকেন্দ্র ভাগাবাজারে দীর্ঘদিন ধরে চলতে থাকা ভয়াবহ যানজট সমস্যায় অতিষ্ঠ সাধারণ মানুষ। যানজট, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং সরকারি জমি জবরদখলমুক্ত করার দাবিতে সোমবার ধলাই সমজেলার অতিরিক্ত কমিশনার দীক্ষা সরকারের হাতে স্মারকপত্র তুলে দেয় ভাগাবাজার জিপি
কর্তৃপক্ষ।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সপ্তাহে দু’দিন হাট বসলেও বর্তমানে প্রায় প্রতিদিনই একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। অবৈধ দোকানপাট, রাস্তার ধারে ব্যক্তিগত গাড়ি দাঁড় করিয়ে রাখা, অটোরিকশা ও বাসস্ট্যান্ডের বিশৃঙ্খল অবস্থানের ফলে বাজার এলাকায় যান চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।
অসম-মিজোরাম সীমান্তবর্তী এই গুরুত্বপূর্ণ বাজারের উপর দিয়ে গিয়েছে ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়ক। অভিযোগ, জাতীয় সড়কের উপরেই অবাধে গাড়ি পার্কিং করা হচ্ছে। ফলে প্রায় এক কিলোমিটার দীর্ঘ বাজার এলাকা পার হতে লেগে যাচ্ছে প্রায় আধঘণ্টা। এমনকি অ্যাম্বুল্যান্সসহ জরুরি পরিষেবার যানবাহনও যানজটের কবল থেকে রেহাই পাচ্ছে না।
ভাগাবাজার জিপির উপ-সভাপতি আমির হোসেন লস্কর জানান, অতীতে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে জাতীয় সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান ও বারান্দা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সময় স্থানীয় মানুষ প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই পুনরায় রাস্তার পাশে অবৈধ দোকানপাট ও স্ট্যান্ড গড়ে ওঠায় আগের পরিস্থিতি ফিরে এসেছে।
এছাড়াও বাজার সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পশু চিকিৎসালয়ের সরকারি জমিও কিছু অসাধু ব্যক্তি জবরদখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। তাই বাজারের নির্দিষ্ট জায়গা নির্ধারণ, সরকারি জমি ও ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ পার্কিং বন্ধসহ যানজট সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন জিপি কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।



