বরাক তরঙ্গ, ৯ মে : বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কাটিগড়া বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শনিবার অনুষ্ঠিত এই সাক্ষাতে সংগঠনকে আরও শক্তিশালী করা ও জনসেবামূলক কার্যক্রম তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, প্রদেশ সভাপতির আশীর্বাদ ও দিকনির্দেশনা আগামী দিনে কাটিগড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির সাংগঠনিক ভিত আরও মজবুত করতে সহায়ক হবে। বিশেষ করে যুব সমাজকে সংগঠনের সঙ্গে যুক্ত করা, প্রত্যন্ত এলাকায় সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কাজ পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হবে।
এদিন দিলীপ শইকিয়া তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। রাজনৈতিক মহলের মতে, এই সৌজন্য সাক্ষাৎ আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা যোগাবে।



