মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ মে : শক্তিপীঠ মা কামাখ্যা মন্দির-এ ভক্তিভরে পূজা ও প্রার্থনা অর্পণ করলেন পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ২০২৬ সালের রাজনৈতিক লড়াইয়ে বিপুল জনসমর্থন নিয়ে পাথারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে টানা তৃতীয়বারের মতো জয়লাভ করে হ্যাটট্রিক গড়ার পর শুক্রবার সকালে শুভ লগ্নে উপোস থেকে মা কামাখ্যার দরবারে উপস্থিত হন তিনি। মন্দির প্রাঙ্গণে প্রবেশের পর ধূপ, দীপ ও মন্ত্রোচ্চারণে মুখরিত আধ্যাত্মিক পরিবেশে নিষ্ঠার সঙ্গে মা কামাখ্যার আরাধনায় অংশ নেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিশেষ পূজার মাধ্যমে তিনি নিজের, রাজ্যের এবং সমগ্র দেশবাসীর কল্যাণ কামনা করে শান্তি, সমৃদ্ধি ও শক্তির আশীর্বাদ প্রার্থনা করেন।
পূজা শেষে তিনি জানান, মানুষের সার্বিক মঙ্গল, সুখ-শান্তি ও ইতিবাচক ভবিষ্যতের জন্যই তাঁর এই প্রার্থনা। মা কামাখ্যার চরণে মাথা নত করে তিনি দেশবাসীর জীবনে শান্তি ও সমৃদ্ধির আলো ছড়িয়ে পড়ার কামনা করেন। এই পূণ্যক্ষণে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের কর্মী-সমর্থক এবং বহু ভক্ত। তাঁদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ এক ভক্তিমূলক আবহে মুখর হয়ে ওঠে। পূজা শেষে সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা ও আশীর্বাদের বার্তা দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পাশাপাশি মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক ব্যস্ততার মাঝেও আধ্যাত্মিকতার প্রতি তাঁর গভীর অনুরাগ এবং জনকল্যাণে আন্তরিক প্রার্থনা আবারও প্রমাণ করল— নেতৃত্বের প্রকৃত শক্তি শুধু ক্ষমতায় নয়, মানুষের প্রতি দায়বদ্ধতা ও বিশ্বাসের মধ্যেই নিহিত।



