মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৫ মে : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি। টানা তৃতীয়বারের মতো বিপুল জনসমর্থনে বিধায়ক নির্বাচিত হলেন কৃষ্ণেন্দু পাল। এই জয়ের মাধ্যমে তিনি এক নতুন রেকর্ড গড়ে পুনরায় রাজ্যের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ পেলেন। সোমবার ভোট গণনার ফল প্রকাশের পর থেকেই পাথারকান্দি সহ শ্রীভূমি জেলাজুড়ে শুরু হয় উৎসবের আবহ। দলীয় কার্যালয় থেকে শুরু করে গ্রাম-গঞ্জ—সবখানেই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সমর্থকরা। ঢাক-ঢোল, আবির আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা—“আবার আমাদের প্রিয় নেতা”।
বিকেলে বিজয়ের শংসাপত্র হাতে নিয়ে নিজের কানিশাইলস্থিত বাসভবনে পৌঁছালে সেখানে ভিড় জমায় অসংখ্য কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ী। ফুলের মালা ও শুভেচ্ছায় ভরে ওঠে চারপাশ। তবে এই জয়ের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ধরা পড়ে ঘরের ভেতরে—প্রবীণ মা স্নেহভরে পুত্রের মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। জনসেবার পথে দৃঢ় থাকার এই আশীর্বাদ যেন সবকিছুকে ছাপিয়ে যায়। পরিবারের অন্যান্য সদস্যরাও—সহধর্মিণী, ভাই-বোন—নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জানান। সেই পারিবারিক আনন্দ ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলের মানুষের মধ্যেও।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টানা তৃতীয়বারের এই জয় কৃষ্ণেন্দু পালের প্রতি মানুষের অটুট আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। উন্নয়নমূলক কাজ, জনসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কই তাঁর সাফল্যের মূল চাবিকাঠি। গ্রাম থেকে শহর—পথঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তাঁর উদ্যোগ ইতিমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলেছে।

এই ঐতিহাসিক জয়ের পর পাথারকান্দির মানুষ নতুন আশায় বুক বাঁধছে। আগামী দিনে আরও দ্রুত উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং সর্বস্তরের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে—এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। পাথারকান্দির আকাশে আজ একটাই প্রতিধ্বনি—জনতার আস্থা, জনতার জয়। এখন দেখার, এই আস্থার প্রতিদান দিয়ে উন্নয়নের পথে কতটা এগিয়ে নিতে পারেন নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণেন্দু পাল।



