হাইলাকান্দিতে ফুটল পদ্ম, জুবেরের রেকর্ড ভোট

Spread the news

বরাক তরঙ্গ, ৪ মে : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাইলাকান্দিতে ফুল ফুটাইলেন মিলন দাস।  প্রায় ৩৫ বছর পর এই জেলায় বিজেপির প্রত্যাবর্তন শুধুমাত্র একটি নির্বাচনী সাফল্য নয়, বরং একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা। ১৯৯১ সালে চিত্তেন্দ্র নাথ মজুমদারের জয়ের পর এই প্রথমবার ফের সেই অধ্যায় নতুনভাবে রচিত হলো মিলন দাসের হাত ধরে।

হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে মোট ২,২১,৬২৪ জন ভোটারের মধ্যে ১,৮৬,৭৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে বিজেপি প্রার্থী ড. মিলন দাস কার্যত একতরফা লড়াইয়ে ১,১৯,৫৯১টি ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী রাহুল রায় পান ৬৩,৭৭৪টি ভোট। ফলে ৫৫,৮১৭ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হয় মিলন দাসের।

অন্যদিকে, আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ চিত্র। এখানে কংগ্রেস প্রার্থী জুবেইর আনাম মজুমদার রীতিমতো ভোটের সুনামি বইয়ে দেন। মোট ২,৭৮,৩৬৪ জন ভোটারের মধ্যে ২,২৬,১২১ জন ভোট দেন। এর মধ্যে একাই ১,৪৫,৪২০টি ভোট পেয়ে তিনি রেকর্ড ১,০৫,২৬৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

এই কেন্দ্রে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অগপ প্রার্থী জাকির হোসেন লস্কর পান মাত্র ৪০,১৫১টি ভোট। পাশাপাশি, লড়াইয়ে থাকা দুই হেভিওয়েট প্রার্থী—বর্তমান বিধায়ক সুজাম উদ্দিন লস্কর ও নিজাম উদ্দিন চৌধুরী কার্যত প্রভাব বিস্তার করতে ব্যর্থ হন। তাঁরা যথাক্রমে ২৯,০৫১ ও ৩,৩৮৩টি ভোটে সীমাবদ্ধ থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *