জনতার রায়ে জয়, উন্নয়নের অঙ্গীকার: উত্তর করিমগঞ্জে জাকারিয়া আহমদের স্পষ্ট বার্তা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ মে : উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়লাভের পর কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংযত ও দায়িত্বশীল প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সদ্যপ্রাপ্ত এই জয়ের আনন্দের মধ্যেও তাঁর বক্তব্যে ছিল ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার সুস্পষ্ট ইঙ্গিত।
প্রথমেই তিনি এই জয়ের কৃতিত্ব সাধারণ মানুষের হাতে তুলে দেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “এই জয় আমার একার নয়, উত্তর করিমগঞ্জের প্রতিটি মানুষের জয়। তাঁদের আস্থা ও ভালোবাসার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।” পাশাপাশি আগামী পাঁচ বছর সুখে-দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন এবং এলাকার উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।
জয়ের পর প্রথম অগ্রাধিকার সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, শ্রীভূমি শহরের বেহাল সড়কগুলির উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য।

দীর্ঘদিন ধরে অবহেলিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। তাঁর মতে, এই মৌলিক ক্ষেত্রগুলির উন্নয়ন ছাড়া কোনো অঞ্চলের সার্বিক অগ্রগতি সম্ভব নয়।
রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের সম্ভাবনা এবং সেই প্রেক্ষিতে বিজেপিকে সমর্থন করবেন কি না—এই প্রশ্নে জাকারিয়া আহমেদ পান্না স্পষ্টভাবে জানান, তিনি তাঁর নিজস্ব উন্নয়ন তহবিলের মাধ্যমে এলাকার কাজ এগিয়ে নিয়ে যাবেন। বিজেপিকে সমর্থনের কোনো প্রশ্নই ওঠে না বলে তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *