৪ মে : ছাব্বিশের নির্বাচনের ফল ঘোষণা ঘিরে যখন গোটা রাজ্য তোলপাড়, ঠিক তখনই খোদ কলকাতার রাজপথে নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল সাধারণ মানুষ। সোমবার ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছোন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে পা রাখতেই তাঁকে ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ।
তৃণমূল (TMC) নেত্রীর গাড়ি গণনাকেন্দ্রের সামনে পৌঁছোনো মাত্রই সেখানে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন বলে অভিযোগ। আচমকা এই ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ।
মমতার গাড়ি লক্ষ্য করে বিজেপি (BJP) কর্মীদের এই স্লোগান পাল্টা উত্তেজনার সৃষ্টি করেছে তৃণমূল শিবিরের মধ্যেও। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় গণনাকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা একধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এলাকা কার্যত ঘিরে ফেলা হয়েছে।
রাজ্যজুড়ে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসার মধ্যেই খোদ মমতাকে লক্ষ্য করে এই ধরণের স্লোগান রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। কেন সরাসরি মমতার গাড়ির সামনে এই ধরণের স্লোগান তোলা হলো, তার নেপথ্যে কোনো সুপরিকল্পিত ছক রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।



