বরাক তরঙ্গ, ১ মে : কংগ্রেস নেতা পবন খেড়া বড় স্বস্তি পেলেন। আপাতত তাঁকে গ্রেপ্তার করতে পারবে না অসম পুলিশ। দেশের সর্বোচ্চ আদালত তাঁর অগ্রিম জামিন মঞ্জুর করেছে, ফলে পরবর্তী শুনানি পর্যন্ত গ্রেফতার থেকে সুরক্ষা পেলেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে খেড়ার অগ্রিম জামিন আবেদনের শুনানি শেষে রায় সংরক্ষিত রাখা হয়েছিল। অসম পুলিশ তাঁর বিরুদ্ধে মানহানি ও জালিয়াতির মামলা দায়ের করে। অভিযোগ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীকে নিয়ে মন্তব্য করার পরই এই মামলা রুজু হয়।
শুক্রবার বিচারপতি জে কে মহেশ্বরী ও এ এস চন্দুরকরের বেঞ্চ খেড়াকে অগ্রিম জামিন দেয়। শুনানিতে খেড়ার পক্ষে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। তিনি যুক্তি দেন, অভিযোগ মানহানির হলেও এ ক্ষেত্রে গ্রেপ্তারের কোনো প্রয়োজন নেই। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, কিন্তু গ্রেপ্তার জরুরি নয়।
অন্যদিকে, অসম সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জামিনের বিরোধিতা করে দাবি করেন, খেড়া নাকি ভুয়ো দাবি প্রতিষ্ঠার জন্য পাসপোর্টসহ একাধিক জাল নথি ব্যবহার করেছেন। এই ঘটনার সঙ্গে অন্য কেউ বা কোনও বিদেশি যোগ আছে কি না, তা জানতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে তিনি আদালতে জানান।



