বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : অকালে চলে গেলেন লক্ষীপুর ব্লক এলিমেন্টারি অফিসের অ্যাকাউন্টেন্ট কাটিগড়ার অর্কজ্যোতি দাস। লিভারজনিত অসুস্থতায় ভুগে শিলচরের এক বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যা ৬-৪৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর। তিনি স্ত্রী, দাদা-বৌদি, দিদি-জামাইবাবুসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণমুগ্ধ রেখে গেছেন। তাঁর প্রয়াণে কাটিগড়া অঞ্চল ছাড়াও জেলার শিক্ষা মহলে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
অর্কজ্যোতি দাস ছিলেন একজন দক্ষ ও নিষ্ঠাবান অ্যাকাউন্টেন্ট। ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি চাকরিতে যোগদান করে ২০২২ সাল পর্যন্ত কাটিগড়া ব্লকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরে লক্ষীপুর ব্লকে বদলি হয়ে সেখানেও দক্ষতার সঙ্গে নিজের কর্মজীবন অব্যাহত রাখেন। উল্লেখ্য, প্রয়াত অর্কজ্যোতি দাস ১৯৬১ সালের ভাষা আন্দোলনের সৈনিক হরিমোহন দাসের কনিষ্ঠ পুত্র।



