উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ: গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সাফল্যের ঝলক, কাছাড়ে হতাশাজনক চিত্র

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছরের ফলাফলে উজ্জ্বল সাফল্য দেখিয়েছে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট ৮৩১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৬৮৭ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৮২.৬৭ শতাংশ। বিভাগভিত্তিক ফলাফলে কলা শাখায় পাশের হার ৭৩.২৬ শতাংশ, বাণিজ্য শাখায় ৮৭.৮৩ শতাংশ এবং বিজ্ঞান শাখায় ৯২.৭৬ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে প্রথম বিভাগে ৪১৬ জন, দ্বিতীয় বিভাগে ২১০ জন এবং তৃতীয় বিভাগে ৬১ জন স্থান পেয়েছে।

অন্যদিকে, কাছাড় জেলা-র সামগ্রিক ফলাফলে চিত্র অনেকটাই হতাশাজনক। কলা শাখায় পাসের হার ৫৯.৮৩ শতাংশ, বাণিজ্য শাখায় ৭৭.৪৮ শতাংশ এবং বিজ্ঞান শাখায় ৮৮.১৪ শতাংশ। রাজ্যের সামগ্রিক ফলাফলের সঙ্গে তুলনা করলে কাছাড় জেলার এই ফলাফল যথেষ্ট নিম্নমানের বলে মনে করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সাফল্যকে ব্যতিক্রম হিসেবেই দেখছেন শিক্ষা মহল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা এবং উন্নত শিক্ষাব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক বিদ্যুৎ কান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক অভিজিৎ নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক এল জয় চন্দ্র সিংহ এবং সেন্টার-ইন-চার্জ সঞ্জীব ভট্টাচার্য পড়ুয়াদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা সকল উত্তীর্ণ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আশা প্রকাশ করেন, আগামী দিনেও এই ধারাবাহিক সাফল্য বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *